কর্নাটকের রাসায়নিক কারখানায় গ্যাস লিক! মৃত্যু ৩ শ্রমিকের

Aug 7, 2026 - 12:11
 12
কর্নাটকের রাসায়নিক কারখানায় গ্যাস লিক! মৃত্যু ৩ শ্রমিকের

কর্নাটকের রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করায় মৃত্যু হল তিন শ্রমিকের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কয়েক জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে, কর্নাটকের ইয়াদগির জেলায়।পুলিশ ও কারখানা সূত্রে খবর, শ্রমিকেরা হঠাৎই ঝাঁঝালো গন্ধ পান। গ্যাস লিক কোথা থেকে হচ্ছে, সেটা বুঝে ওঠার আগেই বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরও অনেক শ্রমিক। গ্যাস লিক করার খবর ছড়াতেই শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি কারখানা খালি করার নির্দেশ দেন কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছোয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ফরেনসিক দল।ডেপুটি পুলিশ কমিশনার রাহুল তুকারাম পাণ্ডে এবং পুলিশ সুপার পৃথ্বীক শঙ্কর কারখানায় যান। অভিযোগ, শ্রমিকদের কোনও রকম নিরাপত্তা ছাড়াই কাজ করতে হয় কারখানায়। অনেকেই কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন। ইতিমধ্যেই কারখানার ম্যানেজার এবং অন্য আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখেছে তদন্তকারী দল। পুলিশ সুপার জানিয়েছেন, কারও কোনও রকম গাফিলতি পাওয়া গেলে, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। শ্রমিক মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে।