উইম্বলডনের দীর্ঘতম কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিতলেন জোকোভিচ

Jul 9, 2026 - 13:28
 8
উইম্বলডনের দীর্ঘতম কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিতলেন জোকোভিচ

মঙ্গলবার রাতে পাঁচ সেটের লড়াইয়ে ফেলিক্স অগার আলিয়াসিমেকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেলেন নোভাক জোকোভিচ। পাঁচ ঘণ্টা ১৫ মিনিটের ম্যাচ উইম্বলডনের ইতিহাসে কোয়ার্টার ফাইনালে দীর্ঘতম ম্যাচ। জোকোভিচ জিতেছেন ৭-৬, ৩-৬, ৬-৩, ৬-৭, ৭-৬ গেমে। তিনটি সেট টাইব্রেকারে গড়িয়েছে।শুক্রবার সিনারের বিরুদ্ধে সেন্টার কোর্টে সেমিফাইনালে নামবেন জোকোভিচ। ফলে আরও একটি ভাল লড়াই দেখা যেতে চলেছে। সিনার মঙ্গলবার জাঁ লেনার্ড স্ট্রাফকে হারিয়েছেন।

তিন নম্বর বাছাই কানাডার আলিয়াসিমের বিরুদ্ধে নিজের সেরা খেলা বার করে আনতে হয়েছে জোকোভিচকে। সিনারকে হারানোর মতো শক্তি আর তাঁর আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। কোয়ার্টারে জয়ের পর জোকোভিচ বলেন, “একটা র‌্যাকেট এবং হৃদয় দিয়ে ম্যাচ জিতেছি। কী ভাবে এই ধরনের ম্যাচে প্রচণ্ড চাপ সামলাতে হয় সেটা এত দিনে শিখে গিয়েছি। শেষের দিকে যে কেউ জিততে পারত। এই ম্যাচ নিয়ে আর কী বলব। এ সব ম্যাচের জন্যই টেনিস খেলি এখনও।” জোকোভিচের সংযোজন, “আমি সন্তানদের বলছিলাম ঘুমোতে যেতে। তবে ওরা জেগে থেকে খেলা দেখেছে, এটা দেখে আমি আপ্লুত। কারণ এটা আমার জীবনের অন্যতম সেরা ম্যাচ ছিল।” এই নিয়ে ১৫ বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন জোকোভিচ। সব মিলিয়ে গ্র্যান্ড স্ল্যামে ৫৫ বার সেমিফাইনাল খেলবেন। ওপেন যুগে ৩৯ বছর বা তার বেশি বয়সে উইম্বলডনের সেমিফাইনালে ওঠার নিরিখে তিনি দ্বিতীয় স্থানে।