ইয়ামালের কথা ভাবছিই না, সাফ জানিয়ে দিলেন ফরাসি ডিফেন্ডার

Jul 14, 2026 - 14:56
 7
ইয়ামালের কথা ভাবছিই না, সাফ জানিয়ে দিলেন ফরাসি ডিফেন্ডার

কোনও এক জনকে নিয়ে বেশি ভাবতে নারাজ ফ্রান্স। তাদের লক্ষ্য শক্তিশালী স্পেনকে হারানো। তাই এক জন বা দু’জন ফুটবলার নয়, গোটা দলকে নিয়ে ভাবছে ফ্রান্স। এমনটাই জানিয়েছেন ফরাসি সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতে।ম্যাচের আগে কোনাতে জানিয়েছেন, স্পেনের মতো দলকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। তার জন্যই তৈরি হচ্ছেন তাঁরা। সংবাদসংস্থা রয়টার্সকে কোনাতে বলেন, “কাউকে ভয় পেলে চলবে না। সামনে কঠিন লড়াই। তার জন্য তৈরি হচ্ছি। আশা করি শেষ হাসিটা আমরাই হাসব।” এ বারের বিশ্বকাপে মাত্র একটি গোল করলেও ইয়ামালের গতি ও ড্রিবল সমস্যায় ফেলেছে প্রতিপক্ষকে। বার বার প্রান্ত ধরে আক্রমণে উঠেছেন। কখনও ক্রস বাড়িয়েছেন। কখনও নিজে শট মেরেছেন। অবশ্য ইয়ামালকে নিয়ে বাড়তি গুরুত্ব দিতে নারাজ কোনাতে। তিনি বলেন, “স্পেন খুবই শক্তিশালী দল। বেশ কয়েক জন ভাল ফুটবলার রয়েছে। তাই এক জনের কথা ভাবলে হবে না। ইয়ামাল ভাল ফুটবলার। কিন্তু ওর কথা ভাবছিই না। আমরা গোটা স্পেনকে নিয়ে ভাবছি।”

বিশ্বকাপের গত দু’দশকে সবচেয়ে ধারাবাহিক দল ফ্রান্স। এর আগে ১৯৯৮ থেকে ২০২২ সালের মধ্যে সাতটি বিশ্বকাপের চারটিতে ফাইনাল খেলেছে তারা। দু’বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। দু’বার রানার্স। ১৯৭৪ থেকে ১৯৯০ সালের মধ্যে পাঁচ বিশ্বকাপের চারটিতে ফাইনাল খেলেছিল তৎকালীন পশ্চিম জার্মানি। এ বার ফাইনালে উঠলে জার্মানির সেই দাপটকেও ছাপিয়ে যাবে ফ্রান্স।অতীতের কথা ভাবতে চান না কোনাতে। তাঁদের নজর মঙ্গলবারের দিকে। কোনাতে বলেন, “আমরা অতীতের কথা ভাবছিই না। কোনও ফাঁদে পা দিতে চাই না। শুধু চুপচাপ নিজেদের খেলাটা খেলতে চাই।"