আর রেকর্ডের পিছনে ছুটি না : কোহলি

May 15, 2026 - 12:32
 3
আর রেকর্ডের পিছনে ছুটি না : কোহলি

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিতিয়েছেন বিরাট কোহলি। হয়েছেন ম্যাচের সেরা। কিন্তু এখন আর রেকর্ডের কথা ভাবেন না কোহলি। ভালবাসেন শুধু ব্যাট করতে।বেঙ্গালুরুকে জিতিয়ে নিজের মনের কথা জানিয়েছেন কোহলি। তিনি বলেন, “আর রেকর্ড নিয়ে ভাবি না। শুধু ব্যাট করতে ভালবাসি। এই স্তরে খেলা গর্বের। বিশ্বের সেরাদের বিরুদ্ধে মাঠে নামছি। সারা জীবন এটাই করেছি। ক্রিকেটকে ভালবেসেছি। সেই ভালবাসা থেকেই এখনও লড়ছি। এখন ব্যাট করাই আমার লক্ষ্য। যত দিন পারব, ব্যাট করব।”

৩৭ বছর বয়সি কোহলি জানেন, কেরিয়ারের শেষ দিকে এসে পৌঁছেছেন তিনি। তাই যতটা সম্ভব উপভোগ করতে চাইছেন তিনি। কোহলি বলেন, “নিজের মনপ্রাণ দিয়ে খেলছি। ব্যাট করতে নামি, বা ফিল্ডিং করি, নিজের ১০০ শতাংশ দিচ্ছি। জানি, এক দিন সব শেষ হয়ে যাবে। তাই প্রতিটা দিন কাজে লাগাতে চাই। নিজেকে উপভোগ করতে চাই।” গত দু’ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। তাই এই ম্যাচে প্রথম রান নিয়েই উল্লাস করেন তিনি। তার কারণও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, “পিছনে ফিরে তাকালে বোঝা যাবে, ব্যর্থতারও গুরুত্ব রয়েছে। ব্যর্থতার কারণেই সকলে সাফল্যের জন্য আরও বেশি পরিশ্রম করে। ব্যর্থতার জন্যই সাফল্য উপভোগ করা যায়। চাপের মধ্যে খেলতে আমার বরাবর ভাল লাগে। চাপের মধ্যেই আমার সেরাটা বেরিয়ে আসে। এই ম্যাচেও শুরুতে চাপে ছিলাম। তাই প্রথম রান নিয়ে অতটা অনন্দ পেয়েছিলাম। ধীরে ধীরে চাপ কেটে গেল।”