আরজি কর লিফট-বিপর্যয়: সিসিটিভিতে উঠে এল 'অন্ধকূপ'-এর বিভীষিকা

Mar 26, 2026 - 10:03
 13
আরজি কর লিফট-বিপর্যয়: সিসিটিভিতে উঠে এল 'অন্ধকূপ'-এর বিভীষিকা

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফট বিপর্যয়ে যুবকের মৃত্যুর ঘটনায় সামনে এল শিউরে ওঠার মতো তথ্য। ট্রমা কেয়ারের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার পরের ভয়াবহ মুহূর্তগুলি, যা নতুন করে প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে।

সিসিটিভি সূত্রে জানা গিয়েছে, রাত ১টা ৫৮ মিনিট নাগাদ ঘটে লিফট দুর্ঘটনা।

অন্ধকার টানেলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন অরূপ ব্যানার্জি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সোনালি ও তাদের সন্তান, যারা চরম আতঙ্কের মধ্যে পড়েন।

এরপর রাত ২টা ৪০ মিনিটে বেসমেন্টের অন্যদিকের গেট খুলে উদ্ধারকারীরা ঘটনাস্থলে প্রবেশ করেন। তিন মিনিট পর, রাত ২টা ৪৩ মিনিটে লিফটের সামনের গ্রিলের তালা খোলা হয়।

রাত ২টা ৪৪ মিনিটে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় আহত শিশুকে। ঠিক এক মিনিট পর, রাত ২টা ৪৫ মিনিটে টানেল থেকে উদ্ধার করা হয় অরূপ ব্যানার্জির দেহ এবং তাঁর স্ত্রীকেও।

এই গোটা ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।