আফগানদের বিরুদ্ধে সহজ জয় ভারত ‘এ’-র
বুধবার শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দল জিতল ১০১ রানে। ভারতের তিন ব্যাটার হাফসেঞ্চুরি করেছেন। ৪ উইকেট পেয়েছেন তরুণ পেসার নিশান্ত সান্ধু। কিন্তু বৈভবকে নিয়ে অনেকেই চিন্তিত। জানা যাচ্ছে, তাঁর ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হতে পারে। টসে জিতে আফগান অধিনায়ক ইমরান মীর বল করার সিদ্ধান্ত নেন। প্রিয়াংশ আর্য ৫৮ রান করেন। অধিনায়ক তিলক বর্মা করেন ৫৯ রান। কুমার কুশাগ্রর ব্যাট থেকে আসে ৫৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ৩১৯ রান করে ভারত ‘এ’ দল। কিন্তু ব্যাট চলেনি বৈভবের। ২৮ বলে ৩৮ রান করে। শুরুটা নিজের ছন্দেই করেছিল। ৪টে চার ও দুটো ছয় মারে। কিন্তু লম্বা ইনিংস খেলতে পারছে না। অনেকেরই ধারণা, টি-টোয়েন্টি ক্রিকেটের ঘরানা থেকে বৈভব বেরিয়ে আসতে পারছে না। তাকে আরও সময় দেওয়া উচিত। আবার অনেকের মতে, বৈভবের প্রতিভা প্রশ্নাতীত। তাকে ম্যাচ খেলিয়েই তৈরি করতে হবে।জবাবে আফগানদের ইনিংস ২১৮ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৫৭ রান করেন বাহির শাহ। ৩১ রান দিয়ে ৪ উইকেট তোলেন নিশান্ত সান্ধু। ২টো উইকেট যশ ঠাকুরের। একটি করে উইকেট পান অংশুল কাম্বোজ, বিপরাজ নিগম, সূর্যাংশ শেডগে, অনুকূল রায়। ভারত জেতে ১০১ রানে। ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচের মধ্যে ২টিতে জিতে শীর্ষে আছে ভারত ‘এ’।