শ্রীলঙ্কার উপর চাপ বাড়াচ্ছে ভারত, কলম্বো টেস্টে শুভমনদের উদ্বেগ বৃষ্টি

Aug 26, 2026 - 14:55
 8
শ্রীলঙ্কার উপর চাপ বাড়াচ্ছে ভারত, কলম্বো টেস্টে শুভমনদের উদ্বেগ বৃষ্টি

শ্রীলঙ্কার ব্যাটারেরা নন, শুভমন গিলদের উদ্বেগে রেখেছে সে দেশের আবহাওয়া। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনও বেশ কিছুটা সময় নষ্ট হল বৃষ্টির জন্য।ভারতের ৫০৩ রানের জবাবে তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ২৬৫। ফলোঅন বাঁচাতে আরও ৩৯ রান করতে হবে ধনঞ্জয় ডি সিলভাদের।কলম্বো টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটারেরা। কিন্তু শু‌ভমনদের আগ্রাসী ক্রিকেটে জল ঢেলে দিচ্ছে বৃষ্টি। মঙ্গলবার ২ উইকেটে ৮ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। সাত ওভারের মধ্যেই ওপেনার কামিল মিশারাকে (১৯) আউট করে আয়োজকদের আরও চাপে ফেলে দেন প্রসিদ্ধ কৃষ্ণ। এর পর দলের ইনিংসের হাল ধরেন পাসিন্দু সূর্যবন্দরা এবং কামিন্দু মেন্ডিস। তাঁদের ৮৭ রানের জুটি ভেঙে শ্রীলঙ্কাকে আবার ধাক্কা দেন প্রসিদ্ধ। আউট করেন কামিন্দুকে (৩২)। দলকে আরও চাপে ফেলে দেন অধিনায়ক ধনঞ্জয় (৮)। এর পর সূর্যবন্দরার সঙ্গে জুটি বাঁধেন সোনাল দিনুশা। ৮০ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট হন সূর্যবন্দরা। দিনুশা অবশ্য দিনের শেষ পর্যন্ত ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছেন। ৮৫ রানে অপরাজিত রয়েছেন তিনি।সূর্যবন্দরা আউট হওয়ার পর শ্রীলঙ্কার আর কোনও ক্রিকেটার দিনুশাকে তেমন সঙ্গ দিতে পারেননি। নিরোশান ডিকওয়েলা (০), কেশারা নুওয়ান্থা (১৮) দ্রুত আউট হয়ে যান। দিনের শেষে দিনুশার সঙ্গে ২২ গজে রয়েছেন লাহিরু কুমারা (৮)। ভারতের প্রথম ইনিংসের রানের চেয়ে এখনও ২৩৮ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। ফলোঅন এড়াতে আরও ৩৯ রান করতে হবে তাদের। হাতে রয়েছে ২ উইকেট। বোলারদের নিয়ে চতুর্থ দিন সকালে চ্যালেঞ্জ সামলাতে হবে দিনুশাকে। মঙ্গলবারও দু’দলের ক্রিকেটারদের মধ্যে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পরিস্থিতি কখনই মাত্রা ছাড়ায়নি।ভারতীয় বোলারদের মধ্যে প্রসিদ্ধ ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ৮৩ রানে ৩ উইকেট মানব সুতার। ৩৩ রানে ১ উইকেট মহম্মদ সিরাজের। ৪৫ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন জাডেজা। টেস্ট অভিষেক হওয়া সারাংশ জৈন তেমন প্রভাব ফেলতে পারেননি। ১৮ ওভার বল করে ৫১ রান দিলেও উইকেট পাননি তিনি।