শনিবারও কালবৈশাখীর দাপট, ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা একাধিক জেলায়

Mar 30, 2026 - 08:12
 19
শনিবারও কালবৈশাখীর দাপট, ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা একাধিক জেলায়

শুক্রবার রাতের প্রবল ঝড়বৃষ্টির পর শনিবারও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।

শুক্রবার রাতের ঝড়ে কলকাতা ও শহরতলির একাধিক রাস্তায় গাছ উপড়ে পড়ে এবং বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্যোগের জেরে কলকাতা বিমানবন্দরে সময়মতো নামতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর বিমান। প্রায় ৫৫ মিনিট আকাশে চক্কর কাটার পর রাত ১টা ২০ মিনিট নাগাদ অবতরণ করে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। এসব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে, বিশেষ করে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলির কিছু অংশে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঝড়বৃষ্টির সঙ্গে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারের পর মঙ্গলবার নাগাদ ফের ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সমুদ্রেও দমকা হাওয়া বইছে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে। ফলে শনিবার পর্যন্ত উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৪.8 ডিগ্রি কম। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমার পর আবার ধীরে ধীরে বাড়বে বলে জানানো হয়েছে।