মহরমের শোভাযাত্রায় মধ্যপ্রদেশে মৃত ৩
মহরমের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় মধ্যপ্রদেশে প্রাণ গেল ৩ জনের, আহত অন্তত দশ।জানা গিয়েছে, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আরেকজন মারা গিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।মহরমের শোভাযাত্রায় অন্তত দেড়শো লোক ছিল। বৃহস্পতিবার রাতে তাজিয়া নিয়ে মিছিলটি বেরিয়েছিল মধ্যপ্রদেশের হাটনারা গ্রামে। আচমকাই হাইভোল্টেজ বিদ্যুতের সংস্পর্শে আসে সেটি। তাজিয়ার কাঠামোয় থাকা লোহার রড থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়তেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। এখনও এলাকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন দশজন।পুলিশ সুপারিটেন্ডেন্ট অমিত কুমার জানিয়েছেন, ”এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।” রতলাম মেডিক্যাল কলেজের কর্তা ড. রবীন্দ্র সোলাঙ্কি জানিয়েছেন, হাসপাতালে আনার পর দেখা যায়, দু’জন আগেই মারা গিয়েছেন। অন্য একজনের মৃত্যু হয়েছে খানিক আগে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যে মুহূর্তে তাজিয়ার রডটি বিদ্যুতের সংস্পর্শে আসে, যাঁরা সেটি ধরেছিলেন তাঁরা মাটিতে পড়ে যান। রডটি মাটিতে পড়ার সময়ও অনেকে আহত। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে।