তেলঙ্গানায় রাজস্ব দফতরের আধিকারিকের বিপুল সম্পত্তির হদিস
রাজস্ব দফতরের আধিকারিকের বিপুল পরিমাণ সম্পত্তির হদিস মিলল তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলায়। আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে তাঁর বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালাতেই উদ্ধার হল কয়েক লক্ষ টাকা, গয়না এবং বিলাসবহুল গাড়ির। শুধু টাকা বা গাড়িই নয়, বেনামে বহু জমির হদিস মিলেছে। দুর্নীতিদমন শাখা (এসিবি) সূত্রে খবর, অভিযুক্ত ওই সরকারি আধিকারিকের নাম শ্রীনিবাস রেড্ডি। তিনি বর্তমানে রঙ্গারেড্ডি জেলার ইব্রাহিমপত্তনমে বিভাগীয় প্রশাসনিক আধিকারিক হিসাবে কর্মরত। জানা গিয়েছে, শ্রীনিবাসের বাড়ি, অফিস-সহ মোট সাতটি ঠিকানায় বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালায় এসিবি। সেই অভিযানে প্রায় সাত কোটি টাকার সম্পত্তির হদিস মেলে। তার মধ্যে দু’টি ফ্ল্যাট, একটি পেন্টহাউস, ১০ একর কৃষিজমি এবং আরও আটটি জমির হদিস পেয়েছেন তদন্তকারীরা।জমি-বাড়ি ছাড়াও ওই আধিকারিকের পানশালা, রেস্তরাঁও রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির হদিসও মিলেছে বলে এসিবি সূত্রের খবর। শ্রীনিবাসের বাড়ি থেকে নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কয়েক লক্ষ টাকা স্থায়ী আমানত রয়েছে ব্যাঙ্কে। ৬৮০ গ্রাম সোনার গয়নাও পাওয়া গিয়েছে বাড়ি থেকে। এই সম্পত্তির উৎস কী, তা জানতে শ্রীনিবাসকে নিজেদের হেফাজতে নিয়েছে এসিবি। তদন্তকারীদের সন্দেহ, শ্রীনিবাসের যে পরিমাণ সম্পত্তি মিলেছে, সেখানেই শেষ নয়। বেনামে আরও সম্পত্তি রয়েছে বলেও সন্দেহ তাঁদের। সেই সব সম্পত্তির খোঁজ পেতে শ্রীনিবাসকে জেরা করা হচ্ছে। এই প্রথম নয়, এর আগেও তেলঙ্গানায় সরকারি কর্তা, ইঞ্জিনিয়ারের ১০০ কোটির সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে।