ঝড়বৃষ্টির পর স্বস্তি, তবে ফের কালবৈশাখীর আশঙ্কা সপ্তাহের মাঝামাঝি
কলকাতা ও শহরতলিতে টানা কয়েক দিনের ঝড়বৃষ্টির পর আপাতত কিছুটা স্বস্তি মিলেছে। তবে পুরোপুরি রেহাই নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে এবং সপ্তাহের মাঝামাঝি ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর আবহাওয়ার কিছুটা উন্নতির ইঙ্গিত মিলছে।
উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ওই জেলাগুলিতে ঝড়ের গতি ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সতর্কতার নিরিখে রবিবার, সোমবার ও বুধবার উত্তরবঙ্গে হলুদ সতর্কতা এবং মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে।
তাপমাত্রাতেও ওঠানামা অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি কমার পর আবার বাড়বে, একই প্রবণতা দেখা যাবে উত্তরবঙ্গেও।
অন্যদিকে উপকূলবর্তী এলাকায় সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। তাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।