এশিয়ান গেমসে যাচ্ছেন ভারতের ৪৯২ ক্রীড়াবিদ! দলে নীরজ, সিন্ধুরা
এশিয়ান গেমসে অংশ নিতে চলা ক্রীড়াবিদদের তালিকা চূড়ান্ত করে ফেলল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। পরের মাসে জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে হবে। সেই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ভারতের ৪৯২ জন ক্রীড়াবিদ। ভারতের দলে ২৬৫ জন পুরুষ খেলোয়াড় এবং ২২৭ মহিলা খেলোয়াড় রয়েছেন। তবে সাপোর্ট স্টাফ হিসাবে কারা যাবেন সেই তালিকা এখনও চূড়ান্ত করেনি ক্রীড়া মন্ত্রক।অ্যাথলেটিক্স বিভাগে ৩৫ জন পুরুষ এবং ৩৮ জন মহিলা ক্রীড়াবিদ রয়েছেন। নেতৃত্ব দেবেন অলিম্পিক্সে সোনা ও রুপো জয়ী নীরজ চোপড়া। এ ছাড়াও রয়েছেন লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর, দূরপাল্লার দৌড়বিদ গুলবীর সিংহ, ডেকাথলিট তেজশ্বিন শঙ্কর এবং ১০০ মিটার হার্ডলার জ্যোতি ইয়ারাজি।ব্যাডমিন্টন দলে রয়েছেন ২০ জন খেলোয়াড়। সেই দলে পি ভি সিন্ধু, আয়ুষ শেট্টি, লক্ষ্য সেন রয়েছেন। মেয়েদের ডাবলসে গায়ত্রী গোপীচন্দ এবং তৃষা জলি ও পুরুষ ডাবলসে সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি রয়েছেন।বক্সিংয়ে সুযোগ পেয়েছেন ১১ জন ক্রীড়াবিদ। কমনওয়েলথ গেমসে সোনা জয়ীরা সকলেই সুযোগ পেয়েছেন। রুপো জয়ী লভলিনা বরগোঁহাই, নরেন্দ্র বেরওয়াল এবং জাদুমণি সিংহকেও সুযোগ দেওয়া হয়েছে।ই-স্পোর্টস বিভাগে ভারতের ১৫ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। রোয়িংয়ে সুযোগ দেওয়া হয়েছে ২২ জনকে।