মূল্যবৃদ্ধি, উচ্ছেদ ও প্রশ্নফাঁসের প্রতিবাদে মেখলিগঞ্জে এসইউসিআই (কমিউনিস্ট

May 24, 2026 - 09:30
 6
মূল্যবৃদ্ধি, উচ্ছেদ ও প্রশ্নফাঁসের প্রতিবাদে মেখলিগঞ্জে এসইউসিআই (কমিউনিস্ট

পেট্রোল, ডিজেল ও বাণিজ্যিক গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, পুনর্বাসন ছাড়াই হকার ও বস্তি উচ্ছেদ, দিল্লি ও রাজস্থানের ধর্ষণকাণ্ডের প্রতিবাদ, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি, বাদ পড়া ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং রাজ্যজুড়ে মদ নিষিদ্ধ করার দাবিতে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল এসইউসিআই (কমিউনিস্ট) দল।

শুক্রবার সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। পরে মিছিলটি মেখলিগঞ্জ বাজার পরিক্রমা করে। বিভিন্ন দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।

সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন, "পরিবর্তনের সরকার গরিব ও শ্রমজীবী মানুষের উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে। একদিকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে, অন্যদিকে ছোট দোকানদার ও বস্তিবাসীদের বিকল্প কর্মসংস্থান এবং বাসস্থানের ব্যবস্থা না করেই অমানবিকভাবে উচ্ছেদ করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বারবার ফাঁস হচ্ছে, অথচ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই সমস্ত অন্যায় ও জনবিরোধী নীতির বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ মিছিল।”

এদিন সর্বস্তরের সাধারণ মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বানও জানান তিনি।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য মলিন সিংহ সরকার, বিনোদ রায়-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।