আবারও নদীবাঁধে ধস, সন্দেশখালীর নবাদকাঠিতে আতঙ্ক-রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে বড় বিপদের আশঙ্কা
উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর নবাদকাঠি এলাকায় ফের নদীবাঁধে ধস নামায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রায়মঙ্গল নদীর প্রায় ১০০ ফুট নদীবাঁধ আচমকাই ধসে পড়েছে বলে জানা গিয়েছে। যেকোনও মুহূর্তে বাঁধের আরও বড় অংশ ভেঙে নদীতে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে খবর, ধস নামার পর থেকেই আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী গ্রামের মানুষ। কারণ বাঁধ সম্পূর্ণ ভেঙে গেলে নদীর জল ঢুকে একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়তে পারে। বিশেষ করে বর্ষার মরশুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে নদীবাঁধের সংস্কার ও রক্ষণাবেক্ষণে গাফিলতির কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের।
পাশাপাশি নতুন সরকারের কাছে এলাকাবাসীর আবেদন, দ্রুত উদ্যোগ নিয়ে এইসব নদীবেষ্টিত এলাকায় শক্তপোক্ত পাকা বাঁধ নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যতে বড়সড় বিপর্যয় এড়ানো যায় এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে।