মেছেদায় ট্রাফিক সচেতনতা কর্মসূচি, হেলমেটহীন চালকদের জরিমানা ও সচেতনতার বার্তা
পূর্ব মেদিনীপুরের মেছেদায় কোলাঘাট থানা ও কোলাঘাট সাব ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হল বিশেষ ট্রাফিক সচেতনতা কর্মসূচি। জেলাজুড়ে ক্রমবর্ধমান পথ দুর্ঘটনার ঘটনা রুখতেই সাধারণ মানুষ ও মোটরবাইক চালকদের সচেতন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
এই কর্মসূচিতে মূলত হেলমেট পরে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে বেশ কয়েকজন চালককে জরিমানাও করা হয়।
তবে শুধু জরিমানাই নয়, সচেতনতার বার্তা পৌঁছে দিতে পথচলতি বাইক চালকদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট, চকলেট ও গোলাপ ফুল। পাশাপাশি কর্তব্যরত ট্রাফিক কর্মীদেরও ছাতা প্রদান করা হয়।
এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিও শুভদীপ ঘোষ, কোলাঘাট থানার ওসি কাজল দত্ত, কোলাঘাট ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব কুমার মণ্ডল, পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক সুব্রত মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।