তিনদিনের ভারত সফরে কলকাতায় মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, কড়া নিরাপত্তায় একাধিক কর্মসূচি
তিনদিনের ভারত সফরে কলকাতায় এলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সফরের প্রথম দিনেই শনিবার তিলোত্তমার বুকে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘিরে তৎপর প্রশাসন।
জানা গিয়েছে, এদিন সকাল থেকেই কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার কথা রয়েছে তাঁর। প্রথমে তিনি যাবেন মাদার হাউসে। সেখানে প্রার্থনা ও শ্রদ্ধাজ্ঞাপন করার কর্মসূচি রয়েছে। এরপর শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনে যাওয়ার কথাও রয়েছে তাঁর।
মার্কিন বিদেশ সচিবের সফরকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন ও পুলিশ সূত্রে খবর, তাঁর যাতায়াতের রুটে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
শনিবারই তাঁর কলকাতা ছাড়ার কথা রয়েছে। আগামীকাল ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মার্কো রুবিও বলে জানা গিয়েছে। এই বৈঠকে ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক মহলের অনুমান।